আইওটি ডিভাইস তৈরিতে হাইটেক পার্কে জায়গা পেলো থিংক গ্রুপ
স্বাস্থ্যসেবা, কৃষি ও শিক্ষা খাতের আইওটি ডিভাইস উৎপাদনের জন্য থিংক গ্রুপকে কালিয়াকৈরে ‘বঙ্গবন্ধু হাই-টেক সিটি’তে এক একর জমি বরাদ্দ দিয়েছে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ।
এ লক্ষ্যে সোমবার (৪ জানুয়ারি, ২০২১-সোমবার) একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক (সচিব) হোসনে আরা বেগম এবং থিংক গ্রুপের পক্ষে এর পরিচালক ও সহপ্রতিষ্ঠাতা আশিকুর তানিম সমঝোতায় স্বাক্ষর করেন।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (সচিব) হোসনে আরা বেগম বলেন, কালিয়াকৈরে অবস্থিত ‘বঙ্গবন্ধু হাই-টেক সিটি’ দেশের প্রথম ও বৃহত্তম হাই-টেক পার্ক। ৩৫৫ একর জমিতে স্থাপিত ‘বঙ্গবন্ধু হাই-টেক সিটি’-তে বর্তমানে ৪২টি কোম্পানিকে জায়গা বরাদ্দ দেয়া হয়েছে। ইতোমধ্যে সেখানে ১৪টি কোম্পানি উৎপাদন শুরু করেছে। কোম্পানিগুলো এই পার্কে মোবাইল ফোন এসেম্বলিং ও উৎপাদন, অপটিকাল কেবল, হার্ডওয়্যার, সফটওয়্যার, ডাটা-সেন্টার প্রভৃতি উচ্চ প্রযুক্তি নিয়ে কাজ করছে। দেশের বিভিন্ন পার্কে এ পর্যন্ত ৩২৭ কোটি টাকা বিনিয়োগ হয়েছে এবং প্রায় ১৩০০০ জনের কর্মসংস্থান হয়েছে। থিংক গ্রুপ দ্রুত এই পার্কে কাজ শুরু করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।